৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে এ বছরের রোকেয়া পদক প্রদান করেছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবার রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন—নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
অনুষ্ঠানে নারী উন্নয়ন ও সমাজ পরিবর্তনে রোকেয়া সাখাওয়াত হোসেনের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নারী নেতৃত্ব ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শ আজও প্রেরণা জোগায়।
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।