৩০০ ফিট দিয়ে রামপুরা পর্য়ন্ত তিনটি করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসি

রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণিতে যানজট কমাতে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই উদ্যোগের অংশ হিসেবে ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, এই তিনটি করিডোর খুলে দেওয়া সম্ভব হলে প্রগতি সরণি ও এর আশপাশের এলাকার যানজট অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে।

এই প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং মেট্রোরেল নির্মাণকারী এমআরটি কর্তৃপক্ষ।

প্রগতি সরণির বিভিন্ন অংশে চলমান মেট্রোরেল প্রকল্পের কাজের কারণে ওই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। এ অবস্থায় যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ সফল হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কপথে চলাচলকারী লাখো মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

All Categories