২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে পৌঁছায়।

এর আগে টিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সরেজমিনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনটিতে যাত্রী তুলনামূলক কম থাকলেও মতিঝিল থেকে ফার্মগেটগামী ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। দুটি ট্রেনই নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে যায়। তবে ফার্মগেট স্টেশনে ট্রেনগুলোকে খুব ধীর গতিতে প্রবেশ ও বের হতে দেখা গেছে।

এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হন। তিনি শরীয়তপুরের নরিয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ধাপে ধাপে বিভিন্ন স্টেশনে চলাচল চালু করা হলেও ফার্মগেট স্টেশন বন্ধ ছিল। প্রায় একদিন পর আজ থেকে পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল সেবা স্বাভাবিক হয়েছে।

All Categories