২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকসহ সব আসামির খালাসের রায় বহাল
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখেন।
গত ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ওই রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং আইনি ভিত্তিতে টেকসই নয়। আদালত মন্তব্য করেন, চার্জশিট আইনত গ্রহণযোগ্য ছিল না।
এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত মামলাটিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরে ওই বছরের ২৭ নভেম্বর রায় ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলীয় প্রধান শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী।