২ উইকেটের নাটকীয় জয়ে বিশ্বকাপের আরও কাছাকাছি বাংলাদেশ
শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান, হাতে ছিল মাত্র চার উইকেট। এমন পরিস্থিতিতে যখন অনেকেই টাইগ্রেসদের হার মেনে নিতে শুরু করেছিলেন, তখন এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রিতু মনি আশার প্রদীপ হয়ে। নিভু নিভু সেই আলোই ধীরে ধীরে জ্বলে উঠল পুরোদমে। তার অপরাজিত ফিফটির ওপর ভর করেই আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।
শনিবার লাহোরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক লরা ডেলানি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। ইনিংসের প্রথম ওভারেই ফারজানা হক শূন্য রানে বিদায় নেন। পেন্ডারগেস্টের অফস্টাম্পের বাইরে করা বলে এগিয়ে এসে খেলার চেষ্টায় উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। এরপর আরেক ওপেনার ইশমা তানজিমও ব্যর্থ হন—১৫ বল খেলে করেন মাত্র ২ রান।
শুরুতেই ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। তবে সেখান থেকে কিছুটা হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৪ রান করে ফিরে যান শারমিন। ফিফটি তুলে নেওয়ার পর ৫১ রানে আউট হন জ্যোতিও। একে একে সাজঘরে ফেরেন সোবহানা মুস্তারি ও জান্নাতুল ফেরদৌস।
তবে একপ্রান্তে অবিচল ছিলেন রিতু মনি। প্রয়োজনীয় রানরেট মাথায় রেখে ধীরস্থিরভাবে খেলে শেষ পর্যন্ত ৬১ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দেন নাহিদা আক্তার। ১৭ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
এই জয়ে গ্রুপপর্বে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানার দল।