‘১৯৭১–এর বদলা নিয়েছে পাকিস্তান’: পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সেনা অভিযান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। তিনি এ অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রশংসা করে বলেছেন, এটি পাকিস্তানের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’।

বুধবার (১৪ মে) সিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন শেহবাজ শরিফ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবরে এ তথ্য জানানো হয়।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সাহসী রক্ষীরা কয়েক ঘণ্টার মধ্যে ভারতের অপ্ররোচিত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে। এটি ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে শেহবাজ শরিফ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল। আজ তারা বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।

ভারতের পক্ষ থেকে পানিপ্রবাহ বন্ধের হুমকির জবাবে শেহবাজ শরিফ বলেন, ‘যদি ভারত পাকিস্তানে পানি বন্ধের চিন্তা করে, তবে তারা জেনে রাখুক—পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেখানে কোনো ছাড় দেওয়া হবে না।’

মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মোদি সাহেব, আপনি যদি আবার আগ্রাসন দেখান, তবে তার পরিণতি হবে কল্পনারও বাইরে। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। তবে আমাদের শান্তিপ্রচেষ্টাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।

১৯৭১ সালের প্রেক্ষাপট তুলে ধরে জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সে বছর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ শুরু করে। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটিতে হামলা চালালে ভারত পাল্টা যুদ্ধ ঘোষণা করে। ওই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্ম হয়।

All Categories