১৯৩০-এর দশকের মতো মহামন্দা আসতে পারে: ট্রাম্প
শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের দেশকেই হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি দেশের উচ্চ আদালতকে ‘চরম বামপন্থী’ আখ্যায়িত করে সতর্ক করেছেন, যদি আদালত তার বিরুদ্ধে রায় দেয় তাহলে দেশটি ১৯২৯ সালের মতো ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়বে।
ট্রাম্প সম্প্রতি ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করেন যেখানে তিনি দাবি করেন, তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, শেয়ারবাজারে প্রতিদিন ‘নতুন রেকর্ড’ গড়ছে এবং দেশের অর্থনীতিতে কোটি কোটি ডলার প্রবাহিত হচ্ছে।
তবে একই সঙ্গে ট্রাম্প উচ্চ আদালতকে সতর্ক করে বলেন, যদি তারা তার শুল্ক নীতির বিরুদ্ধে রায় দেয় এবং তার ক্ষমতা খর্ব করে, তাহলে আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। তিনি উল্লেখ করেন, এমন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে এবং ১৯২৯ সালের মহান মন্দার পুনরাবৃত্তি ঘটবে। ট্রাম্প আরও বলেন, তার নেতৃত্বে অর্জিত অর্থনৈতিক সাফল্যও এতে হারিয়ে যাবে।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দেয়, ট্রাম্পের বিদেশি পণ্যে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আইনি সীমার বাইরে। এরপর ফেডারেল সার্কিট আপিল আদালতে আপিল শুনানি হয় যেখানে বিচারকেরা সংশয় প্রকাশ করেন ট্রাম্পের ক্ষমতা নিয়ে। এখনো চূড়ান্ত রায় আসেনি, কিন্তু ধারণা করা হচ্ছে মামলাটি সুপ্রিম কোর্টে যেতে পারে।
ট্রাম্প বলেন, আমেরিকার সমৃদ্ধি, শক্তি ও ক্ষমতার বিরুদ্ধে রায় দেয়া হলে তা হবে বিচারিক বিপর্যয়। যদি তারা এমন রায় দিতে চায়, তা আগেই দিতে পারত।
যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ধরনের সরাসরি অর্থনৈতিক বিপর্যয়ের হুঁশিয়ারি বিরল। আর অনেক অর্থনীতিবিদ মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি দেশীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।