১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি
বিধিমালায় উল্লেখ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, ১৯ অক্টোবরের মধ্যে তফসিলভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে নতুন প্রতীক বেছে নিতে হবে দলটিকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না দিলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা সেটি দিয়েছি। শাপলার বিষয়ে ইসি তার আগের অবস্থানেই আছে। যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।
ইসি সচিব আরও বলেন, যদি দলটি তফসিলভুক্ত প্রতীক না নেয়, তাহলে কমিশন নিজের বিবেচনায় প্রতীক বরাদ্দ দেবে। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।
এ সময় প্রবাসী ভোটার নিবন্ধন ও প্রযুক্তিনির্ভর ভোট প্রস্তুতির অগ্রগতি নিয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, পুরোনো ১১টি দেশের সঙ্গে নতুন করে আরও চারটি দেশে প্রবাসী ভোটার হালনাগাদ শুরু হবে। এছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ চালু করা হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছেছে।