১৫ বছর যা হয়নি তা আজ হয়েছে, যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীদের আচরণ নিয়ে। তাঁর অভিযোগ, ‘গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়।

রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে অংশ নিতে ইসিতে যান রুমিন।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন, তিনি পিটিয়ে মানুষের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। আজ তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে এসেছেন। সশস্ত্র লোকজন নিয়ে আসায় সেখানে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথমে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে। আমি একজন নারী আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না। তাই ধাক্কার জবাব এসেছে। উনি আসলে জামায়াত নাকি এনসিপি, সেটা আমি জানি না। তবে যেহেতু উনি পরিচিত মুখ নন, তাই নিশ্চিতভাবে কিছু বলতে পারব না।

২০০৮ সালের আগের সীমানায় ফেরার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা বারবার বলেছি ২০০৮ সালের আগের সীমানা ফিরিয়ে দিতে হবে। ওই সময়কার সীমারেখা অনুযায়ী নির্বাচন হলে সেটাই সঠিক হবে। পরে যে সীমানা করা হয়েছে, তা ছিল তৎকালীন সরকারের সুবিধা অনুযায়ী। সেই সীমানা আমরা মানি না।

ক্ষোভ প্রকাশ করে রুমিন বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে এখানে হাতাহাতি হলো। গত ১৫ বছরে হয়নি, সেটাই আজ হলো। সেই বিএনপির নেতা-কর্মীদের জন্য এত বছর লড়েছি, তারাই আজ আমাকে ধাক্কা দেয়। ওহ, ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না! সিম্পল।

All Categories