১৫ আগস্ট আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক,অঞ্চল বিনিময়ের আভাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।

তিনি জানান, বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা। তবে যেকোনো শান্তিচুক্তির ক্ষেত্রে ‘কিছু অঞ্চল বিনিময়ের’ প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ধরনের প্রস্তাব পশ্চিমা বিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে।

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা বহুদিন ধরে ক্রিমিয়া, দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়ার মতো অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার যেকোনো চুক্তির বিরোধিতা করে আসছে। বর্তমানে এসব অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে পুতিন বারবার বলেছেন, শান্তিচুক্তি হলে ২০১৪ সাল থেকে দখল করা অঞ্চলগুলোর কিছু ইউক্রেনকে ফেরত দেওয়া যেতে পারে।

ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি সদস্যভুক্ত কোনো দেশে গেলে তাঁকে আটক করা হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয় এবং এর কর্তৃত্ব স্বীকার করে না।

 ২০১৯ সালে সর্বশেষ সরাসরি বৈঠক করেছিলেন এই দুই নেতা। এবার আলাস্কার বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে।

All Categories