ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের (এসডব্লিউসি) বারান্দায় এই কর্মসূচি শুরু করেন তাঁরা।

এর আগে দুপুর সাড়ে ৩টায় ড. এম এ রশিদ হলের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু সময় পর তাঁরা সরাসরি এসডব্লিউসি-তে গিয়ে অনশনে বসেন।

অনশন শুরু হওয়ার কিছুক্ষণ পর কুয়েটের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনার চেষ্টা চললেও শিক্ষার্থীরা তাঁদের অবস্থানে অনড় থাকেন।

সকালে কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার সংবাদমাধ্যমকে বলেন, 'দুপুর ৩টা থেকে শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে বলে জানি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করছি, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

তিনি আরও বলেন, '৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করার বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে আশ্বস্ত করেছি। নির্দোষ কেউ শাস্তি পাবে না। হলে খাবারের সমস্যা রয়েছে, সেটিও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রাজু আহমেদ বলেন, 'শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা প্রত্যাহারের জন্য মামলার বাদীর সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে কুয়েট প্রশাসনের কোনো ইন্ধন নেই। প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তাও দেওয়া হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধুমাত্র বহিষ্কার বা মামলা নয়, তাঁরা উপাচার্যের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। উপাচার্য অধ্যাপক মাছুদের অপসারণের দাবিতেই তাঁদের এই আমরণ অনশন।
 

All Categories