সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল, নতুন তারিখ ৯ ডিসেম্বর

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ৯ ডিসেম্বর ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩১ বার সময় পেল তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ দিন ঠিক করেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ সময়েও তদন্ত শেষ না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তভার র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেওয়ার নির্দেশ দেন।

All Categories