পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা সফরের শুরুতেই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সকাল ৯টায় অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।
বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সকালেই প্রফেসর ইউনূসের কার্যালয়ে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে বৈশ্বিক শান্তি মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এই সাক্ষাৎ শেষে, গুতেরেস ও ইউনূস একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। কক্সবাজারে পৌঁছানোর পর তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব উখিয়ায় ইফতারে অংশ নেবেন যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থী উপস্থিত থাকবেন। পরবর্তীতে, জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।