নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাউন্ড রবিন লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল।
শুরুতেই দারুণ ফর্মে রয়েছে দুই দলই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। সাগরিকা করেছেন হ্যাটট্রিক। অন্যদিকে নেপাল ভুটানকে হারিয়েছে ৬-১ গোলে। ফলে আজকের লড়াইটি কার্যত হয়ে উঠেছে টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল।
গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না দলের কেউ। ম্যাচের আগের দিন খেলোয়াড়েরা মাঠে না গিয়ে হোটেলেই কাটিয়েছেন সময়। সেখানে স্ট্রেচিং ও সুইমিং করেছেন। কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে ভিডিও বিশ্লেষণ করেন।
বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, কোচের নির্দেশনা অনুযায়ীই আমরা খেলব ইনশা আল্লাহ। জয়ই আমাদের মূল লক্ষ্য। ধারাবাহিকতা ধরে রেখেই আমরা শিরোপা ধরে রাখতে চাই।
প্রথম ম্যাচে ৪৫ মিনিট খেলা আফঈদাকে আজ পুরো সময় খেলানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচ। দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, মেয়েরা কিছুটা ক্লান্ত হলেও আমরা নেপালকে হালকাভাবে নিচ্ছি না। শতভাগ দিয়েই মাঠে নামব।
তবে আজকের ম্যাচের ফলাফল নির্ভর করতে পারে মাঠের পরিস্থিতির ওপর। টানা বৃষ্টিতে মাঠ ভারী হয়ে গেছে, কোথাও কোথাও জমেছে পানি। বাংলাদেশ কোচ বাটলার বলেন, ‘আবহাওয়ার ওপর আমাদের হাত নেই। যেটা নিয়ন্ত্রণে আছে, সেটাতেই মনোযোগ দিতে হবে।
নেপাল শিবির অবশ্য মাঠের অবস্থা নিয়ে কিছুটা আশাবাদী। দলটির কোচ ইয়াম প্রসাদ গুরুং বলেন, মাঠ কর্দমাক্ত না থাকলে অবশ্যই আমরা বাংলাদেশকে হারাতে পারি।
সন্ধ্যার গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। তবে সবার দৃষ্টি থাকবে বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে শিরোপার প্রধান দুই দাবিদার মুখোমুখি হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে।