নামের আগে কারা ব্যবহার করতে পারবেন ডাক্তার পদবি,জানালেন হাইকোর্ট

বাংলাদেশের হাইকোর্ট এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কাউকে তাঁদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের অনুমতি দেবে না বলে রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিপ্লোমাধারী চিকিৎসক ও ডেন্টিস্টদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার বন্ধে নির্দেশনা প্রদান করেছে।

বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (বুধবার) এই রায় প্রদান করেন। আদালত জানায় এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। তবে, যারা আগে থেকেই এটি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আগামীকাল থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং কেউ যদি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেন তাহলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

এছাড়া ডিএমএফ' (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) ডিগ্রিধারীদের ক্ষেত্রে একটি সঠিক প্রিফিক্স নির্ধারণ করতে ছয় মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ রায়ের পেছনে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া রয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন পাস হওয়ার পর ডিএমএফ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ উঠে। ২০১৩ সালে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) এর পক্ষ থেকে এই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। একই বছরের মার্চে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল। পরে ২০২২ সালে দ্বিতীয় রিট দায়ের করা হয় এবং আজ রায় ঘোষণা করা হয়।

এ রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম বলেন এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। যারা ইতোমধ্যে এটি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে না তবে তারা এখন থেকে এটি ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের আইন অনুযায়ী শুধুমাত্র এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। আইনটি লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।

এ রায়ের পর দেশজুড়ে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন যার ফলে ঢাকা মেডিকেলসহ বেশ কিছু হাসপাতালে বর্হিবিভাগ বন্ধ রয়েছে।

All Categories