নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে চারজন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নম্বর ব্লকের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও মাছ ধরতে নদীতে যান জেলেরা। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে আসা সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা তাদের উপর হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায় তারা। তবে একই নৌকায় থাকা আরও কয়েকজন জেলে কোনোমতে পালিয়ে প্রাণে বাঁচেন।
জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জেলেরা নিয়মিতভাবে নদীতে মাছ ধরতে যায়। কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কারণে তারা সবসময় আতঙ্কে থাকে। এবারও চারজনকে ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় জেলেরা জানান, আরাকান আর্মির তৎপরতার কারণে নাফ নদীতে মাছ ধরা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সময় তারা জেলে ও নৌকা অপহরণ করছে, এমনকি মুক্তিপণ দাবি করছে বলেও অভিযোগ রয়েছে।