মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সভা থেকে ৩৭ জন আটক, জেলহাজতে পাঠানো

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপন বৈঠক থেকে আটক ৩৭ জনকে বেআইনি সমাবেশ ও শান্তিভঙ্গের অভিযোগে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৩৩ জনের বয়স ১৮ বছরের নিচে এবং চারজনের বয়স ১৯ বছর। সদর থানা পুলিশ শনিবার দুপুরে ৩৩ জনকে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করলে বিচারক তাদের গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। বাকি চারজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং আগামী ১৬ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত শুক্রবার বিকেলে মোল্লাচর সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে সন্দেহভাজন ৩৭ জনকে আটক করা হয়। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই করা হয়।

অটকের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকেই সদর থানায় কিশোর ও যুবকদের অভিভাবকরা ভিড় করেন। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থানার প্রধান ফটক বন্ধ রাখায় তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন।

পুলিশ সূত্র জানায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে ছাত্রলীগের বৈঠকের গোপন তথ্য পেয়ে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। ট্রলার ও নৌকায় আসা ওই ৩৭ জনকে আটক করা হয়। স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও পুলিশের সহযোগিতা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, পূর্বেও ওই স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি পালিত হয়েছিল এবং এবার আবারও একই ধরনের কর্মসূচি পালনের তথ্য পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

All Categories