মুফতি তাকি উসমানি বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন

আগামী ২৭ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিনে তিনি মুসল্লিদের জন্য বয়ানও দেবেন। এ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত।

মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেছেন তার প্রধান সমন্বয়ক ও শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। গত বুধবার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি তাকি উসমানি ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ২২ নভেম্বর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।

এরপর ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে ও ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলনে, ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে, এবং ২৭ নভেম্বর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে তার উপস্থিতি নিশ্চিত। সফরের শেষ দিন ২৮ নভেম্বর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও অর্থনীতির ক্ষেত্রে তিনি আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের প্রাক্তন বিচারপতি।

All Categories