মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার মধুপুর সীমান্তের ওপারে ভারতের ভূখণ্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) এবং হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা। তিনি জানান, আনসার-ভিডিপি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি স্থানীয় প্রশাসন জানতে পারে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তঘেঁষা যাদবপুর গ্রামের পাশের ভারতীয় ভূখণ্ড থেকে গুলির শব্দ শোনা যায়। পরে কিছু গ্রামবাসী সীমান্তের কাছে গিয়ে দেখেন, ভারতের অংশে দুটি মরদেহ পড়ে আছে। খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত মিকাইল ও ওবায়দুল মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তারা ফেনসিডিলসহ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় মধুপুর সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।