মহান মে দিবস আজ

আজ ১ মে, বৃহস্পতিবার, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনটি স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মে দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বাংলাদেশে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ে শ্রমিকদের জন্য রয়েছে সমাবেশ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি বিশেষ আয়োজনে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়া শ্রম অধিকারবিষয়ক সাংবাদিকতা ও স্থিরচিত্রের জন্য সাংবাদিক ও চিত্রগ্রাহকদের পুরস্কার প্রদান করা হবে।

বিভিন্ন শ্রমিক সংগঠনও দিবসটি ঘিরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—

জাতীয়তাবাদী শ্রমিক দল: নয়াপল্টনে বিকেল ২টায় শ্রমিক সমাবেশ।জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং: কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় আলোচনা সভা।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (জামায়াতে ইসলামী): পল্টন মোড়ে সকাল ৯টায় সমাবেশ।ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ: যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সকাল ১০টায় সমাবেশ।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: কমরেড মণি সিংহ সড়কে সকাল ৮:৩০টায় সমাবেশ ও শোভাযাত্রা

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মসময়, উন্নত কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে আজ বিশ্বের নানা প্রান্তে মে দিবস পালিত হচ্ছে।

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এই দিনটি শ্রমিক-মালিক ঐক্য, সমবেদনা এবং পারস্পরিক শ্রদ্ধার নতুন বার্তা নিয়ে এসেছে।

All Categories