হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর
অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম। তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
ওই আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলশান থানার শাহজাদপুরে রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সিদ্দিকুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
প্রসঙ্গত, ১৯ জুলাই গুলিবিদ্ধ রিকশাচালক জব্বারকে গুরুতর অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশের ধারণা, রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে সিদ্দিকুরের।
এদিকে, মঙ্গলবার দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সিদ্দিকুরকে মারধরের একটি ভিডিও। দেখা যায়—ছেঁড়া জামাকাপড়ে কয়েকজন যুবক টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে সিদ্দিকুরকে। এসময় ‘আওয়ামী লীগের দোসর’ বলে কাউকে কাউকে তার গায়ে হাত তুলতেও দেখা যায়। ঘটনাস্থল থেকে তাকে রমনা থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পরে রাতেই তাকে হস্তান্তর করা হয় গুলশান থানায়।