ডেপুটি স্পিকার: ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে হবে ডাবল মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি বা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত একটি বড় প্রকল্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এটি কার্যকর করা হচ্ছে এবং এ প্রকল্পে কেউ অনিয়ম বা চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি করলে ডাবল মামলা দেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোনার কলমাকান্দার উপজেলা হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার জানান, কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে তালিকা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যাদের ঘর নেই, ছাপড়া ঘরে থাকেন—তাদের দিয়ে আগে শুরু করবেন। তথ্য সংগ্রহকারীরা যাদের ঘর আছে, তাদের বাড়িতে গিয়ে চা-নাস্তা খেয়ে তাদের নাম আগে লিখছেন। দয়া করে স্বজনপ্রীতি করবেন না। এটি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো অনিয়ম করেন, তারা কেউ রেহাই পাবেন না।’

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘যদি কেউ চাঁদাবাজি করেন, দয়া করে দল থেকে চলে যান। কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে ডাবল মামলা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, কেউ অনিয়ম করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তাকে সরাসরি জানাতে হবে। এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

আদিবাসী শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তিনি যুগ যুগ ধরে দেখছেন যে, তাদের মধ্যে অপরাধের প্রবণতা খুব কম। তাই তাদের জন্য কাজ করতে তিনি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন।

তিনি জানান, আদিবাসী মানুষের পানীয় জল, পথঘাট ও পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট রয়েছে। তাদের জন্য তিনি কাজ করার চেষ্টা করছেন এবং তালিকা তৈরিতে যেন কোনো অনিয়ম না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদ্র আদিবাসী শিক্ষার্থী, বজ্রপাতে নিহতদের পরিবারসহ শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

All Categories