দামুড়হুদায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে লোহার শিক দিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো বা অন্য কোনো তুচ্ছ বিষয় নিয়ে মধুর সঙ্গে এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি চলাকালে সবজি বিক্রেতা কদবেল ছিদ্র করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেন। এতে মধু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

তবে তাৎক্ষণিকভাবে ওই সবজি বিক্রেতার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিতকরণ ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

আহত মধুকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুজ্জোহা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে মধুর বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যকার বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই বিস্তারিত তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

All Categories