বাংলাদেশ-আইএমএফ ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা শুরু হবে আগামী সপ্তাহে: অর্থমন্ত্রী

বাংলাদেশের ঋণ প্রস্তাবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে আলোচনা শুরু করবে বাংলাদেশ। বকেয়া বিষয়গুলো নিষ্পত্তি করে ঋণ প্রস্তাবটি চূড়ান্ত করার লক্ষ্যেই এসব আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল বসবে।’

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বহুপক্ষীয় সব সংস্থাই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের সব বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশকে সহায়তা করতে আগ্রহী।

অর্থমন্ত্রী বলেন, আগামী বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।

তিনি জানান, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে ঢাকা। আগামী পাঁচ বছরের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামোও তৈরি করেছে।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

All Categories